,

নারী ও শিশু নির্যাতন রোধে কাজ করবে মহিলা দল

news-image

অনলাইন ডেস্ক : সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সহিংসতা দূর করতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি গড়ে উঠেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও নারী নেতারা যোগ্য ও দক্ষ বলে মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে রিজভী বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি নারীর ক্ষমতায়নে বড় ধরনের ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

রিজভীর ভাষ্য, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারবেন না। তবে সংগঠনের প্রতিনিধিরাই বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবেন। তাই নারীদেরও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

এ জাতীয় আরও খবর