গরুর মাংসের কথা বলে মামলা করলেন অভিনেতা
বিনোদন ডেস্ক : ঢাকায় এসে গরুর মাংস খাওয়ার ইচ্ছার কথা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন কলকাতার অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এ ঘটনায় তিনি মামলা করেছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন এই অভিনেতা। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে ইলিশের পাশাপাশি গরুর মাংস খাওয়ার কথা জানান তিনি। পরে তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজিৎ চক্রবর্তীর মন্তব্য নিয়ে পশ্চিমবঙ্গের অনেকেই আপত্তি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশ্ন তোলেন, একজন হিন্দু অভিনেতা কীভাবে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলতে পারেন। আবার কেউ তাকে কটাক্ষ ও হুমকিও দেন।
তবে অনেকে অভিনেতার পক্ষ নিয়ে বলেন, একজন মানুষ কী খাবেন, সেটি তার ব্যক্তিগত পছন্দ। এ নিয়ে অন্য কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই।
বিষয়টি নিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, নিজের খাবার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। কী খাবেন বা কতটা খাবেন, সেটি অন্য কেউ নির্ধারণ করে দিতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেতা জানান, গত ৪ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছিলেন এবং পরদিনই ভারতে ফিরে যান। পরিবারের এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতেই তার ঢাকায় আসা। বাংলাদেশে আতিথেয়তা পেয়ে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।
মামলার বিষয়ে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, তিনি ইতোমধ্যে মামলা করেছেন। বিষয়টি এখন আদালতের বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না।
গরুর মাংস খাওয়া নিয়ে কোনো হিন্দু তারকা বা পরিচিত ব্যক্তির মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং কলকাতার অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মন্তব্য ও কর্মকাণ্ড ঘিরে এ ধরনের বিতর্ক তৈরি হয়েছিল।











