ঘুমের ওষুধ খেয়ে লাইফ সাপোর্টে মেঘমল্লার
অনলাইন ডেস্ক : ঘুমের ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার থেকে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। বুধবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
হাসপাতাল পরিচালক জানান, মেঘমল্লার বসু একসঙ্গে বেশ কয়েকটি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। এরপর তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা নিয়ে চিকিৎসকরা আশাবাদী বলেও জানান তিনি।
এর আগে সোমবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করেন পরিচিতরা। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করেন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।











