বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান
অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে ওমান।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কৃষি ও মৎস্য শ্রমিক নেওয়ার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি জানান, আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শ্রমিক নেওয়ার প্রক্রিয়ার পরবর্তী বিষয়গুলো চূড়ান্ত করবে।
ওমানের ভিসা বর্তমানে বিভিন্ন কারণে বন্ধ থাকলেও বাংলাদেশিদের নিয়মিতভাবে দেশটিতে যাওয়ার সুযোগ তৈরি করতে কূটনৈতিকভাবে সরকার কাজ করছে বলে জানান শামা ওবায়েদ।
তিনি আরও বলেন, সরকার দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ওমানে পাঠানোর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং এ বিষয়ে ওমানও আগ্রহ দেখিয়েছে।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। ওমানের প্রতিনিধিদল বাংলাদেশি শ্রমিকদের দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করে।
পাশাপাশি বাংলাদেশ ও ওমানের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়











