,

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

news-image

অনলাইন ডেস্ক : এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করার বিষয়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ছেড়ে চলে যান।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে এ ঘটনা ঘটে। শুনানির সময় বার সভাপতি জরিমানার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানান। এ সময় তিনি বলেন, প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা শুনানির সুযোগ কমে যাওয়ায় আইনজীবীদের আয়ও কমেছে।

ব্যারিস্টার খোকনের ভাষ্য অনুযায়ী, তিনি মূলত একজন জুনিয়র আইনজীবীকে দেওয়া ৫ লাখ টাকা জরিমানা মওকুফের অনুরোধ করেছিলেন। তার দাবি, আপিল বিভাগে বেঞ্চের সংখ্যা কমে যাওয়ায় অনেক মামলার শুনানি দীর্ঘদিন আটকে থাকছে। এতে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থীরাও সমস্যায় পড়ছেন।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের আদেশের পর বার সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি বিস্মিত হন। তার ভাষ্য অনুযায়ী, প্রধান বিচারপতি মনে করেন আইনজীবীদের আয় কমে যাওয়ার মন্তব্যটি আদালত অবমাননার শামিল।

অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি ওই বক্তব্যের পর বলেন, তিনি আর সেদিন আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। এরপর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।

জানা গেছে, নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত ঘটনায় একাধিক রিট দায়ের এবং তথ্য গোপনের অভিযোগে রিটকারী মো. নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই মামলায় নুর আলমের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।