,

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

news-image

অনলাইন ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির বিষয়ে সিদ্ধান্ত নিতে করা শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

আইনজীবীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আদালতের ছুটি চলবে।

এর আগে ৭ সেপ্টেম্বর আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় তা হয়নি। পরে বিষয়টি মঙ্গলবারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আবুল কালাম আযাদের পক্ষে করা আবেদনে আপিল করতে দেরি হওয়ার বিষয়টি মার্জনা এবং আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনালের এটিই ছিল প্রথম রায়।

দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। এর আগে ২০২৫ সালের অক্টোবরে তার মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আত্মসমর্পণের পর ট্রাইব্যুনাল তাকে মামলার প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যমান অবস্থায় থাকার নির্দেশনাও দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর