,

আ. লীগকে ‘মাফিয়া গ্যাং’ বললেন তথ্য উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে স্বাভাবিক কোনো রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার কাউকে ছাড় দেবে না।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশটির গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত সেখান থেকে এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধ করা। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও পুনর্ব্যক্ত করেন জাহেদ উর রহমান। তার ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই। তাই তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে ভাইবার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা বৈষম্য তৈরির পরিকল্পনা নেই। যোগ্য ও দক্ষ জনবল নিশ্চিত করতেই নিয়োগ প্রক্রিয়ায় এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, এ জন্য সরকারকে তাৎক্ষণিকভাবে পুরো অর্থ পরিশোধ করতে হবে না। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হবে। পাশাপাশি প্রয়োজন হলে ভবিষ্যতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকেও বিমান কেনার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগের সময়ে দীর্ঘদিন সুযোগ থাকা সত্ত্বেও ভাসমান এলএনজি টার্মিনাল বা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বর্তমান সরকারকে জনগণের সাময়িক সংকট কমাতে দ্রুত বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে।

সম্ভাব্য দীর্ঘস্থায়ী ‘এল নিনো’ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে দেশের খাদ্য মজুদ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে দাবি করে সম্ভাব্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা।