,

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল কি না, তা তদন্ত রিজভী

news-image

 অনলাইন ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ।

রিজভী বলেন, সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদ ও দক্ষ ব্যবস্থাপকের মৃত্যু শুধু দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল—এ নিয়ে তার মনে প্রশ্ন রয়েছে। বিষয়টি অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সাইফুর রহমানের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, তিনি বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেওয়া বিভিন্ন নীতি ও সংস্কার অনেকের কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এম সাইফুর রহমানকে বিএনপির গৌরব ও দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তার অর্থনৈতিক নীতি দেশের বাইরে থেকেও প্রশংসা পেয়েছিল। ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও তার অর্থনৈতিক দক্ষতার প্রশংসা করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

সাইফুর রহমানের সময়ের অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে রিজভী অভিযোগ করেন, তখন ব্যাংকিং খাত ও সরকারি অর্থ ব্যবস্থাপনায় এমন অনিয়মের চিত্র দেখা যায়নি, যা পরবর্তী সময়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অর্থনীতি পরিচালনায় সাইফুর রহমানের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছিলেন। তার নেওয়া অর্থনৈতিক নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ বর্তমান অবস্থানে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সাইফুর রহমানের ছেলে সংসদ সদস্য এম নাসের আহমেদ, সংসদের হুইপ জি কে গউস, জাসাস সভাপতি হেলাল খানসহ সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। সেদিন মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।