,

৩ মাসের মধ্যে ঢাকায় ফিরছে ওয়াটার বাস

news-image

অনলাইন ডেস্ক : আগামী তিন মাসের মধ্যে ঢাকার ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে আবারও ওয়াটার বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রায় এক দশক আগে ঢাকার নৌপথে ওয়াটার বাস চালু হলেও দীর্ঘদিনের পরিচালনায় বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে। গত ১০ বছরে এ খাতে মোট ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে, যা বছরে গড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।

তিনি জানান, আগের অভিজ্ঞতা থেকে সমস্যাগুলো চিহ্নিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নতুনভাবে সার্ভিসটি চালুর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী। তিনি জানান, নদীতীরবর্তী ৪২৪টি দূষণস্থল শনাক্ত করা হয়েছে, যেখানে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। ঢাকার আশপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকাকে ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালুসহ বিভিন্ন নদীর বিস্তৃত নৌপথ রয়েছে। এসব পথে নিয়মিত যাত্রীবাহী নৌযান চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমার পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর