,

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শেষ হয়েছে। শনিবার রাতে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশে জোটের একাধিক নেতা ছয় দফা বাস্তবায়ন না হলে আন্দোলন এক দফায়, অর্থাৎ সরকার পতনের দাবিতে রূপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারকে সতর্ক করতেই এবারের লংমার্চ আয়োজন করা হয়েছে। তবে ভবিষ্যতের কর্মসূচি আরও কঠোর হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষ্য, তারা কাউকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে আন্দোলনে নামেননি। কিন্তু সরকার যদি জনগণের দাবিকে উপেক্ষা করে, তাহলে তারা নীরব থাকবেন না।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে তিনি বলেন, ছয় দফার কোনোটি জামায়াতের নিজস্ব দাবি নয়, বরং এগুলো জনগণের প্রত্যাশার প্রতিফলন। তার অভিযোগ, গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। ফ্যাসিবাদ যাতে আর কখনো দেশে ফিরে আসতে না পারে, সে লক্ষ্যেই তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লালদীঘি মাঠের সমাবেশে জামায়াত আমির সাম্প্রতিক বিভিন্ন ঘটনা তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অতীতের বিভিন্ন হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, গণভোট ছিল জাতির সঙ্গে একটি রাজনৈতিক অঙ্গীকার। তার দাবি, বিপুলসংখ্যক মানুষ গণভোটের পক্ষে মত দেওয়ার পর সেই রায় বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের আলোকে সংস্কার কার্যকর না হলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। তার মতে, বিরোধী দলের সমর্থন ছাড়া এককভাবে দেশ পরিচালনা করা কঠিন। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তনের সুযোগ যেমন দেওয়া হবে না, তেমনি নতুন করে কোনো স্বৈরাচারী ব্যবস্থা গড়ে উঠতেও দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, সংসদ কার্যকর না হওয়ায় বিভিন্ন দাবি-দাওয়া রাজপথে চলে এসেছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ আগে নেওয়া হলে সংকট তৈরি হতো না। বর্তমান পরিস্থিতি সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের আন্দোলনে যেমন নয় দফা এক দফায় পরিণত হয়েছিল, তেমনি এবারও ছয় দফা এক দফায় রূপ নিতে পারে। অন্যদিকে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন।

সমাবেশের সভাপতি ও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারা চাঁদাবাজমুক্ত ও নিরাপদ বাংলাদেশ চান। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দাবি করেন, দেশের অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। সরকারের চারপাশের চাটুকাররা পরিস্থিতি আরও খারাপ করছে বলেও মন্তব্য করেন তিনি।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

শনিবার সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়াবাজার, ফেনীর মহীপাল ও মিরসরাইসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে জোটের নেতারা বক্তব্য দেন এবং স্থানীয় পর্যায়েও সমর্থকদের উপস্থিতি দেখা যায়।

জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটের উদ্দেশে লংমার্চ করার পরিকল্পনা রয়েছে। সিলেটের কর্মসূচি রেলপথে হওয়ার কথা। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠক