অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও সাময়িকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।