,

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

news-image

অনলাইন ডেস্ক : ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন।

ফ্ল্যাট বিক্রির মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। ওই সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এরপর ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আপিলের শর্তে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে সাজা বাতিলের জন্য আপিল করেন বিদিশা। গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির তার আপিল গ্রহণ করলেও জামিন আবেদন প্রত্যাখ্যান করেন। এর চার দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।

মামলাটি ২০০৮ সালে গুলশান থানায় দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। তার অভিযোগ ছিল, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়া হলেও পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি।

মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে ফ্ল্যাটটি ৮০ লাখ টাকায় বিক্রির জন্য চুক্তি হয়। পরবর্তী সময়ে বিদিশার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয়। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পর ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও তা আর হয়নি বলে অভিযোগ করেন বাদী।

পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। বাদীর দাবি, টাকা বা ফ্ল্যাট ফেরত না দিয়ে বিদিশা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং তাকে হুমকিও দেওয়া হয়।