,

ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

অনলাইন ডেস্ক : দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের পথে রওনা হন তিনি। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করার কথা রয়েছে। এরপর তিনি জেলা সার্কিট হাউজে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

সফরের শুরুতে শহরের সেনুয়াপাড়ার পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে তিনি কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন।

দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেখানেই রাতে অবস্থান করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি শেষে বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেওয়ার পর সার্কিট হাউজে যাবেন তিনি। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসএসএফ, পিজিআর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সফরের নির্ধারিত স্থান, চলাচলের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সব কর্মসূচি ও যাতায়াতের পথ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ঠাকুরগাঁও সফর।