আহত প্রতিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী
অনলাইন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রিজভী। এ সময় তিনি আবুল বারীর দ্রুত সুস্থতা কামনা করেন। তার সঙ্গে বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ছিলেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আবুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।
দুর্ঘটনার পর তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানো হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর দুই পা ও বুকে আঘাত লেগেছে।











