,

বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে কোনো ধরনের বাধা এলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। সব বাধা পেরিয়ে লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকামুখী লংমার্চের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের উদ্দেশে লংমার্চের মাধ্যমে নতুন করে স্বৈরাচারী প্রবণতা ঠেকানোর বার্তা দেওয়া হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ কর্মসূচি। পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধির অপচেষ্টার বিরুদ্ধেও লংমার্চ করা হচ্ছে। জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি।

দেশবাসীকে লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি শুধু ১১টি রাজনৈতিক দলের কর্মসূচি নয়; সাধারণ মানুষের অধিকার আদায়ের কর্মসূচি।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ শুরু হয় সকাল ৭টায়। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন।

পরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের বহর শাপলা চত্বর থেকে যাত্রা শুরু করে।

এ জাতীয় আরও খবর