সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার অঙ্গীকারবদ্ধ
অনলাইন ডেস্ক : বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকরা যাতে ভয়ভীতি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা প্রতিরোধে পেশাগত মান বজায় রাখার কাজও চলছে।
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়াশোনার সুবিধার জন্য পৃথক একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। হাওর এলাকার শিক্ষার্থীদের সমস্যা সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জনই জীবনের একমাত্র সাফল্য নয়। মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।
এ ছাড়া তৃণমূলের তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে বিভিন্ন মাঠ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালুর কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।











