অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৫ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছে আরও ২২৭ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে, ২৪৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৯৫৪ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে আগস্ট মাসেই প্রাণ গেছে ৪৩ জনের। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জন মারা যায়। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে।