১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা
অনলাইন ডেস্ক : সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজিতে ১ টাকা ৩ পয়সা কমায় সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে হয়েছে ১ হাজার ৫৮৫ টাকা। নতুন দাম বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। জুলাইয়ে ছিল ১ হাজার ৫২৮ টাকা। ফলে চলতি মাসে দাম কমলেও জুলাইয়ের তুলনায় এখনো প্রতি সিলিন্ডারে ৫৭ টাকা বেশি দিতে হচ্ছে ভোক্তাদের।
বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বরের দাম নির্ধারণে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী সৌদি সিপির গড় মূল্য প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার ধরা হয়েছে। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে ৫ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে।
গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। রেটিকুলেটেড এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা। তবে সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা রাখা হয়েছে।
২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে প্রোপেন-বিউটেনের দাম ও ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে আসছে বিইআরসি। তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে। কমিশন জানিয়েছে, সরবরাহ ব্যবস্থার কোনো পর্যায়েই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।











