বিকেলে শুরু হচ্ছে জিয়া স্মৃতি বইমেলা
অনলাইন ডেস্ক : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’। বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ মেলায় বিএনপির নীতি ও আদর্শ নিয়ে প্রকাশিত বিভিন্ন বই এবং জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডভিত্তিক সাহিত্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
মেলা আয়োজন কমিটির সহসভাপতি ও আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি লেখক, গবেষক এবং সাধারণ দর্শনার্থীদের অংশ নেওয়ার কথা রয়েছে।











