এমবাপ্পেকে অপহরণের ছক, তালিকায় ২৬ ধনী ব্যক্তি
অনলাইন ডেস্ক : ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে অপহরণ এবং তার বাড়িতে হামলার পরিকল্পনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দেশটির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র এই পরিকল্পনা করেছিল।
তদন্তে ১৮ বছর বয়সী ক্লেমঁ নামের এক যুবককে এ পরিকল্পনার সম্ভাব্য মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। সংঘবদ্ধ চুরির অভিযোগে গত ২১ আগস্ট ফ্রান্সের নঁতে শহরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা ওই যুবক সেখান থেকেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপরাধী চক্রের সদস্যদের নির্দেশনা দিতেন বলে ধারণা করা হচ্ছে।
কারাগার থেকে জব্দ করা দুটি ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে তদন্তকারীরা ২৬ জন ধনী ও পরিচিত ব্যক্তির ঠিকানা সম্বলিত একটি তালিকা পান। তালিকায় ব্যবসায়ী, সংগীতশিল্পী ও ফুটবলারদের নাম ছিল। তাদের মধ্যে এমবাপ্পের নামও পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্টদের ধারণা, তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে লক্ষ্য করে বিভিন্ন অপরাধ সংঘটনের পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে এমবাপ্পেকে অপহরণের পাশাপাশি তার বাড়িতে হামলার পরিকল্পনাও ছিল বলে অভিযোগ উঠেছে।
একজন ঘড়ি ব্যবসায়ীকে লক্ষ্য করে সংঘটিত একাধিক ঘটনার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই ব্যবসায়ীর বাড়িতে ভুয়া পণ্য সরবরাহকারীর পরিচয়ে হামলার চেষ্টা করা হয়। কয়েক দিন পর তার দোকানেও চুরির ঘটনা ঘটে।
পরে সংঘবদ্ধ অপরাধ দমন বিভাগের তদন্তে চক্রটির কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসে। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ওই যুবকের লক্ষ্য ছিল একজন সংগীতশিল্পী ও ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকেও হামলার আওতায় আনা।
ঘটনার তদন্ত এখনো চলমান। পরিকল্পনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও তাদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।











