২০২৭ বিশ্ব ইজতেমার সময়সূচি ঘোষণা
অনলাইন ডেস্ক : আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি। দুই পর্বের আয়োজনই টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী দুই পর্বে ইজতেমা আয়োজন করা হবে। এর মধ্যে প্রথম পর্বে ৮, ৯ ও ১০ জানুয়ারি জুবায়েরপন্থীরা এবং দ্বিতীয় পর্বে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সাদপন্থীরা অংশ নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে। মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি বিদ্যমান ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে।
ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, যাতায়াতসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নেবে বলেও জানান তিনি।
প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে পৃথক ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে আয়োজনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।











