অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বুধবার লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
বাজারে দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮০ সেন্ট বা ০ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবারের লেনদেনেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ ও অবকাঠামো হামলার শিকার হলে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।
এদিকে সংঘাত দ্রুত থামার সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে অনিশ্চয়তাও বাড়ছে। পরিস্থিতির আরও অবনতি হলে দীর্ঘমেয়াদে তেল সরবরাহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ফলে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি ও কূটনৈতিক তৎপরতার ওপরই আন্তর্জাতিক তেলের বাজারের গতিপথ অনেকটা নির্ভর করবে।