,

শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের আন্দোলন এবং জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রত্যাশা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থনই সরকারের কাজের অন্যতম প্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যতদিন জনগণ বিএনপি সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাখবে, ততদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আশা-প্রত্যাশা পূরণে কাজ করে যাবে সরকার।

অনুষ্ঠানে গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মোট ৭৪ সদস্যের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে নিয়োগপত্র তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের বাইরেও অনেক ব্যক্তি ও পরিবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন এবং আত্মত্যাগ করেছেন। সরকারের সামর্থ্য ও সীমাবদ্ধতার মধ্যে এসব পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান আনন্দের পাশাপাশি কষ্টেরও। কারণ যাদের স্মরণে অনুষ্ঠান হচ্ছে, তাদের অনেকেই আজ বেঁচে নেই। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ একটি ফ্যাসিস্ট পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে চাকরি পাওয়া পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও তুলে ধরেন তারা।

এ জাতীয় আরও খবর