অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করার পর নিজেদের কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার দুপুরে এনসিপির নেতাদের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। একই সঙ্গে এনসিপির নির্ধারিত কর্মসূচিতেও কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
এর ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজন নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।
এর আগে শুক্রবার গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তিনি বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তারা। পরে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিও ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে তার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এ কারণে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি বক্তব্যের ব্যাখ্যাও তুলে ধরেন তিনি।
কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় তাদের পূর্বঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছে। এনসিপির কর্মসূচিতেও তারা কোনো বাধা দেবে না।
তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, শিল্পকলা একাডেমিতে এনসিপি একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানিয়েছিল। সেখানে রাজনৈতিক সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তার ভাষ্য, শিল্পকলা একাডেমি রাজনৈতিক কর্মসূচির জন্য নির্ধারিত স্থান নয়।