,

সরকারবিরোধীরা বিদেশি ইশারায় এক হতে পারে: গয়েশ্বর

news-image

অনলাইন ডেস্ক : সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন দল ও মতের লোকজন সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার দাবি, বর্তমানে এসব তৎপরতা দৃশ্যমান না হলেও ভবিষ্যতে সরকারবিরোধীরা প্রকাশ্যে আসতে পারে।

শনিবার সকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে ঢাকা-৩ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে যারা একে অপরের রাজনৈতিক বিরোধী, তারাও বিদেশি কোনো শক্তির প্রভাবে সরকারবিরোধী কর্মকাণ্ডে একই প্ল্যাটফর্মে আসতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় দেশের মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দলের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা-৩ আসনের আওতাধীন ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর