,

ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ঢাকার যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে গাড়ির চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল, পার্কিং এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওয়ের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ কার্যক্রম আগামী চার মাসের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের মাধ্যমে এর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বুয়েটকে বলা হয়েছে।

সচিবালয়ের আশপাশে যানজট কমাতে পার্কিং সুবিধা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং ব্যবস্থা করা সম্ভব কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিং স্থান খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া চলাচল করা ডাবল ডেকার ও স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর