,

তারেক রহমানকে দিল্লিতে চায় ভারত, কেন এত আগ্রহ?

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে আগ্রহ দেখাচ্ছে দিল্লি। সফরের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে সম্ভাব্য সফর ঘিরে ভুল করে একটি ই-মেইল পাঠানোর ঘটনাও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

চলতি আগস্টের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো ওই ই-মেইলে সপ্তাহের শেষ দিকে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিতব্য ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়। সেখানে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর প্রস্তুতির মহড়ার কথাও উল্লেখ ছিল। পরে কয়েক ঘণ্টার মধ্যে ই-মেইলটি প্রত্যাহার করা হয়।

তবে তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এএএম সালেহ। তিনি জানিয়েছেন, সফর নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি।

তবে দিল্লির আগ্রহকে স্পষ্ট বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছে দেশটি। সফর হলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ের পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতেই দিল্লি আগ্রহী বলে মনে করছেন বিশ্লেষকেরা। শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়ার পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে সাজানোর সুযোগ দেখছে ভারত। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা হয়ে আছে ভারতে শেখ হাসিনার অবস্থান।

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। গণঅভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ভারত জানিয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তারা পর্যালোচনা করছে।

তারেক রহমানের প্রেস সচিব এএমএম সালেহ জানিয়েছেন, বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য অনুকূল পরিবেশ চায় এবং শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

এর মধ্যেই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে দিল্লি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মান ও স্মরণীয় অভ্যর্থনা দেওয়া হবে।

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ মনে করেন, শেখ হাসিনাকে হস্তান্তর না করেই ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করায় দিল্লির মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে। তার মতে, বাংলাদেশকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ভারত।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। রয়েছে ভাষা ও সংস্কৃতির ঘনিষ্ঠ সম্পর্ক। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও নিরাপত্তার ক্ষেত্রেও দুই দেশ পরস্পরের গুরুত্বপূর্ণ অংশীদার।

বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সরকারের সময়ে দুই দেশের মধ্যে সড়ক, রেল ও বন্দর যোগাযোগ সম্প্রসারণে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়।

নিরাপত্তার ক্ষেত্রেও হাসিনা সরকারের সময়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও সে সময় অভিযান চালানো হয়েছিল।

তবে শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সমালোচনার বিষয় ছিল। সমালোচকদের অভিযোগ, দিল্লি তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতে গিয়ে গণতন্ত্র ও মানবাধিকার সংক্রান্ত উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।

ভারতে অবস্থান করেও শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন। গত ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানান এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে তার সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগ তোলেন।

হাসিনাকে ভারতের মাটিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ঢাকার পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানে তাদের কোনো ভূমিকা ছিল না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনের মতে, হাসিনার এমন বক্তব্যের সময়েই তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা সামনে আসায় বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পর্শকাতর হয়ে উঠেছে। এতে ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্গঠনে দিল্লির আন্তরিকতা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

অন্যদিকে, শেখ হাসিনা ভারতে থাকা ছাড়াও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নতুন কিছু উদ্বেগ তৈরি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ বেড়েছে এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা হচ্ছে।

এ বিষয়গুলোও দিল্লি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। অতীতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সহযোগিতা করার অভিযোগ তুলেছিল ভারত। যদিও সে সময় পাকিস্তান ও বাংলাদেশ উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ‘মক্কা চুক্তি’ নিয়েও বাংলাদেশের আগ্রহ রয়েছে। সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতার বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তবে অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, প্রতিরক্ষা বা নিরাপত্তা জোটের মতো বিষয়ে বাংলাদেশকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। দেশের স্বার্থ বিবেচনা করে পরিস্থিতি আরও পর্যবেক্ষণের পর এগোনো উচিত বলেও মত দিয়েছেন তিনি।

সব মিলিয়ে, শেখ হাসিনা-পরবর্তী সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের মতো থাকবে না—এটি দিল্লির কাছেও এখন স্পষ্ট। একই সঙ্গে তারেক রহমানের সরকারও দেখাতে চাইছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো এক দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল নয়।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কিংবা সেপ্টেম্বরের সম্ভাব্য ব্রিকস সম্মেলনকে ঘিরে তারেক রহমানের ভারত সফরের আরেকটি সুযোগ তৈরি হতে পারে। সফরটি শেষ পর্যন্ত হলে তা শুধু কূটনৈতিক সৌজন্য সফর হবে না; বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ-ভারত সম্পর্ক কোন পথে এগোবে, তারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে যা বলেছিলেন হাসনাত

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

স্বর্ণের দাম ভরিতে কমল ৭ হাজার টাকা

চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৬১৬

গণপতি হত্যা মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

অবৈধ অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি

বিদেশি উদ্ধারকারী দলকে কাজের অনুমতি দিল নেপাল