,

জাপানে স্থায়ী বসবাসের ফি ২০ গুণ

news-image

অনলাইন ডেস্ক : জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য আবাসন অনুমতি নবায়ন বা পরিবর্তনের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হবে। একই সঙ্গে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) অনুমতির আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ২ লাখ ইয়েন করা হচ্ছে।

জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়মে বসবাসের অনুমতি নবায়ন বা পরিবর্তনের ফি অনুমতির মেয়াদের ওপর নির্ভর করবে। প্রশাসনিক অফিসের কাউন্টারে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর বা তার বেশি মেয়াদের অনুমতির জন্য দিতে হবে ৭৫ হাজার ইয়েন। বর্তমানে এ ফি ৬ হাজার ইয়েন।

বর্তমান বিনিময় হার অনুযায়ী ৬ হাজার ইয়েনের মূল্য প্রায় ৪ হাজার ৬৩২ টাকা। নতুন ৭৫ হাজার ইয়েনের ফি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৯০০ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রে অতিরিক্ত গুনতে হবে প্রায় ৫৩ হাজার ২৬৮ টাকা।

নতুন কাঠামো অনুযায়ী তিন মাস পর্যন্ত মেয়াদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ইয়েন। এক বছরের জন্য ৩৩ হাজার, তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের জন্য ৬৪ হাজার এবং পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য ৭৫ হাজার ইয়েন দিতে হবে।

তবে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে স্থায়ী বসবাসের অনুমতির আবেদনে। বর্তমানে এ আবেদনের জন্য ১০ হাজার ইয়েন দিতে হয়। আগামী অক্টোবর থেকে তা বেড়ে দাঁড়াবে ২ লাখ ইয়েন। বাংলাদেশি মুদ্রায় নতুন ফি প্রায় ১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।

অর্থাৎ স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ছে ১ লাখ ৯০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৪৬ হাজার ৬৮০ টাকা। শতাংশের হিসাবে এ বৃদ্ধি ১ হাজার ৯০০ শতাংশ।

গত মে মাসে সংশোধিত অভিবাসন নিয়ন্ত্রণ ও শরণার্থী স্বীকৃতি আইনে এসব ফি বাড়ানোর সুযোগ রাখা হয়। আইনে বসবাসের অনুমতি পরিবর্তন বা নবায়নের জন্য সর্বোচ্চ ১ লাখ ইয়েন এবং স্থায়ী বসবাসের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন পর্যন্ত ফি নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। পরে সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রকৃত ফি যথাক্রমে ৭৫ হাজার ও ২ লাখ ইয়েন নির্ধারণ করা হয়।

জাপানের অভিবাসন পরিষেবা সংস্থার (আইএসএ) মতে, বিদেশিদের প্রবেশ ও বসবাস ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমের খরচ বিবেচনায় নিয়েই ফি বাড়ানো হয়েছে।

তবে আর্থিক সংকটে থাকা বা বিশেষ মানবিক বিবেচনার প্রয়োজন এমন কিছু বিদেশি নাগরিকের জন্য ফি কমানো কিংবা মওকুফের সুযোগ রাখা হয়েছে। যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বসবাসের অনুমতি পরিবর্তন বা নবায়নের ফি ১০ হাজার ইয়েন এবং স্থায়ী বসবাসের আবেদনের ফি ২০ হাজার ইয়েন পর্যন্ত কমানো যেতে পারে।

জনমত যাচাইয়ের পর এই ছাড়ের আওতা আরও বাড়ানো হয়েছে। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যারা এককভাবে জাপানি নাগরিক বা বিশেষ স্থায়ী বাসিন্দার সন্তানদের লালন-পালন করছেন। কিছু মানবিক পরিস্থিতিতেও ফি কমানোর সুযোগ রাখা হয়েছে।

নতুন ফি ১ অক্টোবর থেকে করা আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা হলে অনুমোদন পরবর্তী সময়ে হলেও পুরোনো ফি প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে আইএসএ।

ফলে অক্টোবর থেকে জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি নবায়ন কিংবা স্থায়ী বসবাসের আবেদন করতে বিদেশি নাগরিকদের আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে