স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি
অনলাইন ডেস্ক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদ সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে অভিযোগ করে তার দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বক্তব্যে সংসদ সদস্যদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করছেন বলে তিনি মনে করেন। এমনকি মন্ত্রী সংসদে নিজেকে শিক্ষকের ভূমিকায় রাখার কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষকতা করতে চাইলে তিনি আলাদা একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেন। সেখানে আগ্রহীরা ভর্তি হয়ে তার বক্তব্য শুনতে পারবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এমন পরিস্থিতি সংসদীয় সংস্কৃতির পরিপন্থী এবং এটি ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’ হিসেবে দেখা হচ্ছে।
ডা. শফিকুর রহমান দাবি করেন, সংসদের মর্যাদা ও পরিবেশ বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে তার বক্তব্যে অসংসদীয় কোনো অংশ থাকলে তা কার্যপ্রণালি থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি।
পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা। তাই সংসদে প্রত্যেক সদস্যকে কথা বলার সুযোগ দিতে হবে এবং একজন মন্ত্রীকেও বক্তব্য শেষ করার সুযোগ দেওয়া প্রয়োজন।
বিরোধীদলীয় নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে স্পিকার বলেন, বক্তব্যে অসংসদীয় কোনো বিষয় থাকলে তা কার্যপ্রণালি থেকে বাদ দেওয়া হবে।











