বিএনপি সরকারের ৬ মাসে ৬২ হাজার চাকরি হারানোর দাবি
অনলাইন ডেস্ক : বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম ছয় মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে সরকার এক কোটি নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ কর্মহীন হয়েছেন। একই সময়ে ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জ্বালানি সংকট, বিদ্যুতের সমস্যা ও গ্যাসের স্বল্পতার পাশাপাশি কর্মসংস্থানের পরিস্থিতিও উদ্বেগজনক। এমন অবস্থায় নতুন কর্মসংস্থান সৃষ্টি কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমানে যারা চাকরিতে আছেন, তাদের কর্মসংস্থান কতটা নিরাপদ থাকবে, সেটিও অনিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।
সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারের মধ্যে আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতে নিশ্চয়তার বিষয়গুলো রয়েছে উল্লেখ করে রুমিন ফারহানা আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন।
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়েও কটাক্ষ করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।
বাজার পরিস্থিতি নিয়েও সংসদে উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার দাবি, বর্তমানে বাজারে অধিকাংশ সবজির দাম ৮০ টাকার নিচে নেই। ডিম ও চালের দামও কয়েক দফা বেড়েছে। বিশেষ করে মিনিকেট চালের দাম বৃদ্ধি এবং টিসিবির পণ্যের জন্য মানুষের দীর্ঘ সারির বিষয়টিও তিনি তুলে ধরেন।











