অনলাইন ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৫৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় এখনো ৯১০ জনের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার নেপাল পুলিশের তথ্যের বরাতে এ পরিস্থিতির কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫৯ জনে দাঁড়ায়। এর কয়েক ঘণ্টা আগেও প্রাণহানির সংখ্যা ছিল ৩৩২। দুপুরের দিকে দেওয়া এক আপডেটে ২৮৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিখোঁজ ৯১০ জনের মধ্যে নেপাল সেনাবাহিনীর ৪৪ সদস্য এবং পুলিশের ২৮ সদস্যও রয়েছেন। এ পর্যন্ত ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রাসুয়া এলাকায় হিমবাহ ও পাথরের ধস থেকে নেমে আসা প্রবল ঢলে ভোতে কোশি ও ত্রিশূলী নদীর আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র স্রোতে বহু বাড়িঘর, সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ধ্বংস বা ভেসে গেছে।
পাহাড়ি ও দুর্গম এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। নিখোঁজদের তালিকায় স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক, তীর্থযাত্রী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন।
এর আগে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় দেড় হাজার হতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন।