,

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নতুন সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনায় জানুয়ারি-আগস্ট সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ শ্রমিক কর্মহীন হওয়ার যে তথ্য তারা দিয়েছিল, সেটি ভুল ছিল বলে স্বীকার করে এ দুঃখ প্রকাশ করেছে তারা।

আজ মঙ্গলবার সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য সই করা বিবৃতিতে সিপিডি জানায়, গত ২৪ আগস্ট ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্যবিষয়ক অধ্যায়ে ওই তথ্য দেওয়া হয়েছিল। তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। তবে প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। পরবর্তী সময়ে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। এ কারণেই বিভ্রান্তিকর তথ্যটি সিপিডির প্রতিবেদনে স্থান পায়। পরে ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনটি সংশোধন করে বলে জানিয়েছে সিপিডি।

অসাবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে দুঃখ প্রকাশ করে বেসরকারি এ গবেষণা প্রতিষ্ঠান জানায়, তাদের প্রতিবেদনের গবেষণাপদ্ধতিতে সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। এতে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিষয়টি অর্থনৈতিক পর্যালোচনায় তুলে ধরা হয়েছিল। উপস্থাপিত তথ্যে বিভ্রান্তি থাকলেও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গাটি রয়েছে। এ বিষয়ে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলেও মনে করে তারা।

ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে গবেষণা দল আরও সতর্ক থাকবে বলে জানিয়েছে সিপিডি। একই সঙ্গে বিষয়টি তাদের নজরে আনার জন্য ফ্যাক্টচেক সংস্থা দ্য ডিসেন্টকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন