,

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদকে সমর্থন বা প্রচার করে—এমন সংবাদমাধ্যমকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

আন্দালিভ রহমান বলেন, বুদ্ধিবৃত্তিক বা চিন্তা-চেতনার জায়গা থেকে যারা ফ্যাসিবাদকে সমর্থন ও উৎসাহিত করে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ ও বয়কটের পথই বেছে নেওয়া যেতে পারে।

এ সময় গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গেও কথা বলেন তিনি। মন্ত্রীর দাবি, বর্তমান সরকার কিংবা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করা বা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো মানসিকতা নেই। বরং সরকারের ভুলত্রুটি তুলে ধরে বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তারা।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস মূলত মানসিকতার বিষয়। আগের ১৭ বছরে সমালোচনার বিরুদ্ধে যে অবস্থান দেখা গেছে, বর্তমান সরকার সেই ধারায় নেই।

ব্রিফিংয়ের শুরুতে সরকারের ছয় মাসের বিশেষ অর্জন নিয়ে তথ্য অধিদপ্তরের প্রকাশিত ‘আই হ্যাভ এ প্ল্যান: গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।

শেখ হাসিনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান জানান, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। জুলাই আন্দোলনসহ অতীতের বিভিন্ন অপরাধের সুষ্ঠু বিচারের স্বার্থে মামলায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।

এদিকে সংবাদপত্রের ভুয়া প্রচারসংখ্যা দেখানোর বিষয়টি বন্ধে মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান তথ্যমন্ত্রী। কম সংখ্যক পত্রিকা ছাপিয়ে বেশি সার্কুলেশন দেখানোর অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকারি গণমাধ্যমেও বিরোধী দলগুলোর খবর আনুপাতিক হারে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট ফান্ডের অনুদান বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় ইতোমধ্যে এক কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে