ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
প্রথম বিদেশ সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই সফর করছেন তিনি।
সফরে ইউক্রেনকে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিজস্ব সংস্করণ তৈরির প্রযুক্তি ও নকশা দেওয়ার বিষয়ে একটি চুক্তি ঘোষণা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ইউক্রেন নিজস্ব ভূখণ্ডে এই ধরনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনের সুযোগ পাবে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বার্নহাম একই সঙ্গে ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়া ৩৫টির বেশি দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ইউক্রেনের প্রতি সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরদার করার বিষয়টি আলোচনায় আসতে পারে।
সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন বার্নহাম। প্রায় এক মাস আগে পোর্টসমাউথে তাদের প্রথম বৈঠক হয়েছিল।
সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের জনগণকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকার বিষয়ে আশ্বস্ত করবেন। যতদিন প্রয়োজন, ততদিন ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেবেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার হুমকি ব্রিটেনের এই অবস্থানকে আরও শক্তিশালী করছে বলেও উল্লেখ করবেন।
স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র প্রায় ১৫০ মাইল বা ২৪১ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের নিজস্ব দূরপাল্লার ড্রোনের তুলনায় এর পাল্লা কম হলেও, মিত্রদেশগুলোর কাছ থেকে অস্ত্র প্রযুক্তি ভাগ করে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে ইউক্রেনের প্রয়োজন আরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কিয়েভ।
ইউক্রেন আশা করছে, স্টর্ম শ্যাডোর প্রযুক্তি ভাগাভাগির মতো ভবিষ্যতে মিত্রদেশগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা ভাগ করে নিতে পারে। এতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে।











