সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধী দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তেমনি সরকারেরও সহযোগিতাপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করা জরুরি।
সোমবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদে জামায়াত ও ১১ দলীয় জোটের ভূমিকা নিয়ে আলোচনা হয়। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলা এবং প্রবাসীদের অধিকারসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে জামায়াত গঠনমূলক ভূমিকা রাখছে বলে জানানো হয়।
তিনি বলেন, সংঘাতমুখী বিরোধী রাজনীতির পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের নিয়মতান্ত্রিক বিরোধিতা করার নীতিতে এগোতে চায় জামায়াত।
বৈঠকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে সরকারের বৈষম্যমূলক আচরণের অভিযোগও তোলা হয়। উন্নয়ন বরাদ্দ, সংসদে বক্তব্যের সুযোগ, আইন প্রণয়ন ও নোটিশ গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। স্পিকারের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, ভূরাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। সম্পাদকরা বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি থাকলেও দেশের স্থিতিশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন।
ডা. শফিকুর রহমান বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সম্পাদকদের সহযোগিতাও কামনা করেন তিনি।











