অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও গানে অপূর্ব
অনলাইন ডেস্ক : মডেলিং দিয়ে পথচলা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে তারকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ২০০৬ সালে ক্যারিয়ার শুরুর পর প্রায় দুই দশকে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গল্প লেখা ও গানেও রয়েছে তার আগ্রহ। নানা ক্ষেত্রে কাজের মাধ্যমে নিজেকে বহুমাত্রিক শিল্পী হিসেবে তুলে ধরেছেন এই অভিনেতা।
দীর্ঘ ক্যারিয়ারে অপূর্বর অন্যতম বড় শক্তি তার ধারাবাহিকতা। রোমান্টিক চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সময়ের সঙ্গে নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে হাজির করেছেন তিনি। টেলিভিশনের পাশাপাশি ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও তার নাটক পেয়েছে ব্যাপক দর্শক। তার অভিনীত অর্ধশত নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
‘বড় ছেলে’তে নতুন পরিচিতি
অপূর্বর ক্যারিয়ারে ‘বড় ছেলে’ নাটকটি বিশেষ গুরুত্ব বহন করে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ২০১৭ সালে প্রচারিত নাটকটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। নাটকটির মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে পরিচিতি পান অপূর্ব।
‘বড় ছেলে’ চরিত্রের প্রতি দর্শকের ভালোবাসাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখেন তিনি। তবে একটি চরিত্রের জনপ্রিয়তার ওপর নির্ভর করে থেমে থাকেননি। সময়ের সঙ্গে নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয় করে নিজের সক্ষমতার পরিধি বাড়িয়েছেন।
সহশিল্পীদের সঙ্গে তার অভিনয়-রসায়নও বিভিন্ন নাটকের জনপ্রিয়তার অন্যতম কারণ। অপূর্বর কাজের ক্ষেত্রে সংখ্যার চেয়ে গল্প ও চরিত্রের মানকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি বরাবরই দেখা গেছে। ছোট পর্দার পাশাপাশি ওটিটিতেও তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। ‘বুকের মধ্যে আগুন’, ‘গোলাম মামুন’ ও ‘হেডলাইন’সহ বিভিন্ন কনটেন্টে অভিনয় করেছেন তিনি।
শুটিংয়ে ব্যস্ত সময়
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। বর্তমানে মাসরিকুল আলমের পরিচালনায় একটি নাটকে অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী শার্লিন ফারজানা। দীর্ঘ ছয় বছর পর এই নাটকের মাধ্যমে তারা আবারও একসঙ্গে ছোট পর্দায় কাজ করছেন।
বর্তমান নাটকের কাজ শেষ করে আরও সাতটি নাটকে অভিনয়ের পরিকল্পনা রয়েছে অপূর্বর। এসব নাটক পরিচালনা করবেন জাকারিয়া সৌখিন, সৈয়দ শাকিল, মুরসালিন শুভ, মাহমুদুর রহমান হিমি ও রুবেল হাসান। এরপর আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। বছরের শেষ দিকে দেশে ফিরে ঈদের ওটিটি কনটেন্ট ও টেলিভিশন নাটকে কাজ করার পরিকল্পনা করছেন তিনি।
সিনেমাতেও আগ্রহ
ছোট পর্দায় পরিচিতি পেলেও বড় পর্দাতেও কাজ করেছেন অপূর্ব। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় অভিনয় করেন তিনি।
তবে সিনেমায় কাজের ক্ষেত্রে গল্প, পারিশ্রমিকসহ বিভিন্ন বিষয় নিজের প্রত্যাশার সঙ্গে সব সময় মেলেনি বলে জানিয়েছেন অপূর্ব। ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে আবারও সিনেমায় কাজ করতে চান তিনি। বর্তমানে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না অভিনেতা।
গল্প লেখাতেও সৃজনশীলতা
অভিনয়ের বাইরে গল্প লেখার ক্ষেত্রেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন অপূর্ব। তার ভাবনা ও গল্পে তৈরি হয়েছে বেশ কয়েকটি নাটক। ২০০৭ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘স্বপ্নের নীল পরী’ নাটকের মাধ্যমে তার গল্পকার হিসেবে যাত্রা শুরু হয়।
এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’, ‘মধু সিং’ ও ‘আগডুম বাগডুম’সহ আরও বেশ কিছু নাটক নির্মিত হয়েছে তার গল্পে। সর্বশেষ ঈদে তার গল্প ও চিত্রনাট্যে নির্মিত হয় ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেন তানিম রহমান অংশু।
গানেও নতুন ব্যস্ততা
গানের প্রতিও দীর্ঘদিনের টান রয়েছে অপূর্বর। বিভিন্ন ঘরোয়া আয়োজন ও আড্ডায় নিয়মিত গান করলেও তার কণ্ঠ দর্শক-শ্রোতারা নাটকের মাধ্যমেও শুনেছেন। চলতি বছর সেই আগ্রহ আরও বড় পরিসরে প্রকাশ পেয়েছে।
গত ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ নামে একক সংগীতানুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গান করেন তিনি। সেখানে নিজের পছন্দের শিল্পীদের গান গাওয়ার পাশাপাশি নাটকে তার কণ্ঠে প্রকাশিত গানও পরিবেশন করেন।
এই আয়োজনের পর যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে কনসার্ট করার প্রস্তাব পেয়েছেন বলে জানান অপূর্ব। তবে এখনই ধারাবাহিকভাবে কনসার্টে যেতে চান না তিনি। পর্যাপ্ত প্রস্তুতি ও সময় নিয়ে ভবিষ্যতে সংগীত নিয়েও আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।











