নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক
অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার উদ্যোগ নিয়েছে তুরস্ক। একই সঙ্গে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দেশটির বিচার মন্ত্রণালয়।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নেতানিয়াহু ও আরও এক সন্দেহভাজনের বিরুদ্ধে গত ১৪ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।
তুরস্কের অভিযোগ, গাজায় সংঘটিত গুরুতর অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা প্রয়োজন। এ বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক আইনে থাকা সব ধরনের আইনি পথ ব্যবহার করার কথা জানিয়েছেন গুরলেক।
এ ছাড়া গত মে মাসে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছে তুরস্ক। এসব মামলায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫০টি নৌযান নিয়ে তুরস্ক থেকে গাজামুখী যাত্রা করেছিল ওই ফ্লোটিলা। পরে ভূমধ্যসাগরে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটকে দেয় এবং কর্মীদের আটক করে ইসরায়েলে নিয়ে যায়। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার অন্তত দুটি নৌযানে ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াও এ ঘটনায় বিচারিক পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও নীতির কঠোর সমালোচকদের অন্যতম তুরস্ক। এর আগেও নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির অভ্যন্তরে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছিল। আঙ্কারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে।
তুরস্কের বিচারমন্ত্রী বলেছেন, গাজায় সংঘটিত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহির বাইরে রাখার সুযোগ দেওয়া হবে না।
অন্যদিকে তুরস্কের উদ্যোগের তীব্র সমালোচনা করেছে নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অবস্থানকে দুর্বল বলে মন্তব্য করা হয়। একই সঙ্গে এরদোয়ানকে ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়ে তুরস্কের আঞ্চলিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।











