,

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা (pOCV) কার্যক্রম-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান শিশুদের মুখে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা খাইয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বিভাগীয় পরিচালক ডা: সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হিমেল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “বর্তমান সরকার জনস্বাস্থ্য সুরক্ষা, কলেরা প্রতিরোধ এবং জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনগণকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কলেরা একটি মারাত্মক পানিবাহিত সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ পানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বিকল্প নেই। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে কলেরার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের কার্যক্রম জনগণের মধ্যে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নিরাপদ ও সুস্থ নবীনগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “নিরাপদ ও সুস্থ নবীনগর গড়তে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনগর উপজেলায় প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রম-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা টিকাদান কার্যক্রম সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর