জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নতুন মন্ত্রিসভার সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন তারা।
এর আগে শনিবার সকালে একই স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে চারজন নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথের পর তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়।
পরে শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বের বিষয়টি জানানো হয়। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী তাদের মধ্যে দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।











