,

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৫০

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের বড় অংশই শিশু বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (এনআইডব্লিউএ) স্থানীয় কর্মকর্তা আবদুলকাদির ইউসুফ জানান, দুর্ঘটনার পরও উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ধান কাটার কাজে জমির মালিক ও শ্রমিকদের বহন করছিল নৌকাটি। দুর্ঘটনার সময় এতে ৫৭ থেকে ৭০ জনের বেশি যাত্রী থাকতে পারেন বলে বিভিন্ন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

সোকোতো রাজ্যের আইনসভার সদস্য নাসিরু আদামু জানান, নৌকার বেশিরভাগ যাত্রীর বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি ও স্থানীয়রা ৪৬ জনের দাফন সম্পন্ন করেছেন এবং পরে আরও মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হিসাবে মৃতের সংখ্যা ৫৩ জনে পৌঁছেছে। তবে সরকারি কর্মকর্তারা এখনো নিহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেননি।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেখানে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে।

নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌযানের রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে কার্যকর না হওয়ায় প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। বর্ষাকালে নদী ও জলপথে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির ইয়োবে রাজ্যে একটি ফুটো নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।