,

ঢাবিতে ১১ মাসে বড় পরিবর্তনের দাবি সাদিকের

news-image

অনলাইন ডেস্ক : দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আগে হয়নি বলে দাবি করেছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েমের দাবি, বর্তমান ডাকসু নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ফলে ক্যাম্পাসে মারামারি, সংঘর্ষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো কর্মকাণ্ড প্রায় নেই বললেই চলে।

বিভিন্ন জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগের তুলনায় সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে।

ডাকসুর ভিপি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, মুক্তভাবে চিন্তা ও প্রশ্ন করার পরিবেশ তৈরি করা। পাশাপাশি নতুন প্রযুক্তি নিয়ে কাজ ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করাও জরুরি। বর্তমান নেতৃত্ব এসব ক্ষেত্রে একাডেমিক পরিবেশ উন্নয়নে কাজ করেছে বলে দাবি করেন তিনি।

দেশের তরুণদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়েও বক্তব্য দেন সাদিক কায়েম। তার মতে, গত কয়েক দশকে তরুণ ও শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজনীয় পরিকল্পনা না থাকায় দেশের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। দেশে তাদের মেধা বিকাশ ও কাজে লাগানোর জন্য উপযুক্ত সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।