,

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সফরের প্রস্তুতির কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র এক ঘণ্টার মধ্যে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবন জানায়, আগামী শনিবার নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি ও মহড়ার কথা উল্লেখ করা হয়।

তবে তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে তখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে সফরের প্রস্তুতির বিষয়টি প্রকাশ পাওয়ার পরই বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসার পর রাষ্ট্রপতি ভবন আগের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়। পরে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান না হওয়ার বিষয়ে প্রকাশিত আগের প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

দুই বিজ্ঞপ্তিই রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা কুমারের নামে প্রকাশ করা হয়েছিল।

এদিকে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠান বাতিলের বিষয়টিও আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত সফরের তারিখ বা কর্মসূচি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত প্রত্যাহারের ঘটনাকে ঘিরে বাংলাদেশ-ভারত কূটনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।