পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার
স্পোর্টস ডেস্ক : ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এবার ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের অপেক্ষা বাংলাদেশের। আগামীকাল শনিবার শুরু হতে যাওয়া ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে উইকেট ও একাদশের সমন্বয় নিয়ে। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিয়েছেন, স্কোয়াডে থাকা পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত। পাশাপাশি দুই স্পিনারও যেকোনো পরিস্থিতিতে বল করার জন্য প্রস্তুত রয়েছেন।
ম্যাকাইয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে।’
ডারউইনের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেও মনে করেন শান্ত। তবে আগের ম্যাচের সাফল্য দ্রুত পেছনে ফেলে নতুন ম্যাচে মনোযোগ দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’
ডারউইনের জয় নিয়ে পড়ে থাকলে চলবে না বলেও সতীর্থদের সতর্ক করেছেন বাংলাদেশ অধিনায়ক। নতুন ভেন্যু ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে শূন্য থেকে শুরু করতে চান তারা।
শান্ত বলেন, ‘ওটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি এগুলো আলাপ হয়েছে। আশা করি প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’
ডারউইন ও ম্যাকাইয়ের আবহাওয়া এবং কন্ডিশনের পার্থক্যও তুলে ধরেছেন শান্ত। নতুন ভেন্যুতে দুই দিনের অনুশীলনেই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন বলে জানান তিনি।
শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু ভিন্ন। সেখান (ডারউইন) থেকে একটু ভিন্ন আছে। এখানে একটু বেশি ঠাণ্ডা, বাতাসও একটু বেশি। আমার মনে হয় দুই দিনে অনুশীলন করে প্লেয়াররা ভালো আইডিয়া পেয়েছে, ফলে প্রস্তুতি ভালো হয়েছে।’











