,

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ফখরুলের

news-image

অনলাইন ডেস্ক : সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে এক টেলিফোন আলাপে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ দুবেলা খাবার, নিরাপদ পরিবেশ এবং স্বস্তির জীবন পাবে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং বিশ্বে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পাবে।

দেশবাসী, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচিত হলে অনেক কিছুই মিস করবেন উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ফখরুল। এ সময় তিনি সবার সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং দেশ গঠনে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

কথা বলতে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন তিনি। খালেদা জিয়ার স্নেহ ও রাজনৈতিক সান্নিধ্যের কথা উল্লেখ করে আবেগ প্রকাশ করেন ফখরুল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বামপন্থী ছাত্র রাজনীতি থেকে শুরু করে ভাসানী ন্যাপ হয়ে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে বিএনপির মহাসচিবের দায়িত্বও পান।

বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। ভোট চলার কথা ছিল বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল প্রতিদ্বন্দ্বিতা করেন।