মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট শেষে প্রকাশ্যে গণনা করা হয়।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটাধিকার প্রয়োগ করেন।
দীর্ঘ ৩৫ বছর পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের বিপরীতে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অলি আহমদ।
নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার রাতে বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা গেছে। তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।











