,

সোনার দাম ভরিতে বাড়ল ৩৮৪৯ টাকা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা, ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৫ আগস্টও সোনার দাম বাড়ানো হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও মূল্য বাড়ায় দেশের বাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের দাম ২৩৩ টাকা বেড়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৬৫ টাকা বেড়ে ৩ হাজার ৩২৪ টাকা হয়েছে।