৮০০ ইলেকট্রিক বাস কিনবে সরকার
অনলাইন ডেস্ক : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দুটি প্রকল্পের আওতায় মোট ৮০০টি শীতাতপ নিয়ন্ত্রিত একতলা ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা করা হয়েছে। এসব বাসের একটি অংশ নারী যাত্রীদের জন্য চালু থাকা বিশেষ সেবায় যুক্ত করা হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, বাসগুলো কিনতে বৈদেশিক ঋণের পাশাপাশি সরকারি অর্থও ব্যয় করা হবে। সম্ভাব্য ঋণের উৎস হিসেবে দক্ষিণ কোরিয়া ও চীনকে বিবেচনা করা হচ্ছে। দুটি প্রকল্পে মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৮৩ কোটি ৭০ লাখ টাকা।
বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম জানান, পর্যায়ক্রমে এক হাজার বাস কেনার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পিংক সিটি সার্ভিসের পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।
এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ৩০০টি ইলেকট্রিক এসি বাস কেনার জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭১৩ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে ২ হাজার ৯ কোটি ৭৭ লাখ টাকা বৈদেশিক ঋণ এবং ৭০৩ কোটি ৪২ লাখ টাকা সরকারি অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে।
দক্ষিণ কোরিয়া থেকে ঋণ পেতে এরই মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে দেশটির কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রকল্পের আওতায় ৩০০টি বাসের পাশাপাশি ২৫টি চার্জিং স্টেশন, জেনারেটর ও ট্রান্সফরমার, ওয়ার্কশপ, গুদাম, ওয়াশিং প্ল্যান্ট এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে।
এদিকে চীন থেকে আরও ৫০০টি একতলা ইলেকট্রিক এসি বাস কেনার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৭০ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে ৩৩৩ কোটি টাকা সরকারি অর্থায়ন এবং প্রায় ১ হাজার ৫৩৭ কোটি টাকা চীনা ঋণ থেকে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
তবে চীন থেকে বাস কেনার প্রকল্পটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বাসগুলোর স্থায়িত্ব, ঋণের সুদের হার এবং যন্ত্রাংশ নষ্ট হলে সেগুলো কীভাবে সংগ্রহ করা হবে—এসব বিষয় আরও যাচাই-বাছাই করতে প্রকল্পটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ইলেকট্রিক বাস চালুর মাধ্যমে ডিজেলচালিত বাসের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।
সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য গোলাপি রঙের ‘মহিলা বাস’ সেবা চালু হয়েছে। নতুন ইলেকট্রিক বাস যুক্ত হলে এই সেবার রুট, বাসের সংখ্যা ও পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া নতুন বাসগুলো বিআরটিসির পুরোনো বহর প্রতিস্থাপন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক সেবা নিশ্চিত করতেও ব্যবহার করা হবে।











