শাবনূরের পাঁচ শব্দের পোস্ট ঘিরে আলোচনা
অনলাইন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’। তবে পোস্টটিতে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি তিনি।
শাবনূরের সংক্ষিপ্ত এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা হওয়ায় অনেকেই অভিনেত্রীর পোস্টটির সঙ্গে সেই প্রসঙ্গ মিলিয়ে দেখছেন।
সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী।
নব্বইয়ের দশক থেকেই সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে শোবিজে নানা গুঞ্জন ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও আলোচনা ছড়িয়েছিল। তবে শাবনূর সব সময়ই দাবি করেছেন, তিনি সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন।
সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরীও শাবনূরের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। তার ভাষ্য, সালমানও শাবনূরকে বোনের মতোই দেখতেন।
সালমান শাহ মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় কাজ করেন। এর মধ্যে ১৪টি ছবিতে তার সহশিল্পী ছিলেন শাবনূর। তাদের জুটি নব্বইয়ের দশকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকলেও শাবনূর এখনো ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন। তার সাম্প্রতিক এই রহস্যময় পোস্ট সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।











