অনলাইন ডেস্ক : প্রায় ২০ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়া অন্য দুজন হলেন মির্জা সুমন ও রাকিব। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের নিষেধ উপেক্ষা করে তারা একত্রিত হলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। নিরাপত্তাজনিত কারণেই তাদের হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
মুক্তির পর মাহদী হাসান সাংবাদিকদের বলেন, জনগণের মৌলিক অধিকার আদায়ে সাংবিধানিক অধিকার অনুযায়ী তারা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিলেন। নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের আটক করা হলেও এমন পরিস্থিতিতে নিরাপত্তার অজুহাতে তাদের আটকের যৌক্তিকতা নেই বলেও তিনি মন্তব্য করেন।