অনলাইন ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তিতে অনুমতি ছাড়া সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পর গাছের মূল্য বাবদ ৮ হাজার ৩০০ টাকা পৌরসভার তহবিলে জমা দিয়েছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুন।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে শাহরাস্তি পৌরসভার সাহাপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের সড়কের পাশ থেকে কয়েকটি গাছ কাটার অভিযোগ ওঠে বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্তের উদ্যোগ নেয়।
তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপজেলা বন কর্মকর্তাকে। তদন্তে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়া গেলে গাছগুলোর মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। পরে শেখ বেলায়েত হোসেন সেলিম পৌরসভার তহবিলে ৮ হাজার ৩০০ টাকা জমা দেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, তদন্তে গাছ কাটার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত অর্থ পৌরসভার তহবিলে জমা দিয়েছেন।
তবে অভিযোগ ওঠার পর শেখ বেলায়েত হোসেন সেলিম তা অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল, পৌরসভা থেকে সড়কটি লিজ নিয়ে তিনি সেখানে গাছের চারা রোপণ করেছিলেন। পরে গাছগুলো একটি মসজিদে দান করা হয় এবং মসজিদ কর্তৃপক্ষই সেগুলো কেটে নেয়।